রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এমপি বেলাল গত বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনে যান এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি রমেক হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের খোঁজ-খবর নেন। পরে প্রধান ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসপাতালের চিকিৎসা সেবা, রোগীদের ভোগান্তি এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে এমপি বেলাল বলেন, রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে আমরা নজরদারী রাখছি। চিকিৎসক ও নার্সদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং জরুরি বিভাগে সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। এমপি বেলাল বলেন, হাসপাতালের কিছু সমস্যা তার নজরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সেসব সমাধানের উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষা, শয্যা সংকট এবং পরিচ্ছন্নতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন দালালদের কারণে রোগীরা পদে পদে দুর্ভোগের কারণে পরিনত হচ্ছে। রমেকে ৬শ বেডের কর্মচারীদের নিয়ে এখন রোগী প্রায় এক হাজার, একই জনবল দিয়েই চলছে হাসপাতাল।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশিকুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এমপিকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।