কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামে এই ঘটনা ঘটে। এতে শুধু দোকানই পুড়ে যায়নি, বরং তার পরিবার এবং ছেলে-মেয়েদের ঈদের আনন্দের আশা-আকাঙ্ক্ষাও আগুনের গ্রাসে ছাই হয়ে গেছে।

রবিবার (১৬ মার্চ) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবু সাঈদ নির্বাক হয়ে নিজের দোকানের পুড়ে যাওয়া মালামাল দেখছেন। তার মুদি দোকানের দুটি ফ্রিজসহ সব কনফেকশনারি মালামাল পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা রাজীব হোসেন জয়ের মতে, গভীর রাতে হঠাৎ ‘আগুন আগুন’ শব্দ শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছান। গ্রামবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও কাঠ ও টিনের দোকান হওয়ায় তা পুরোপুরি জ্বলে যায়।

অগ্নিকাণ্ডের পর আবু সাঈদ বলেন, ‘আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। ঈদের আগেই ধারদেনা করে ৫ লাখ টাকার মালামাল কিনেছিলাম, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্বপ্নও শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে আমি কীভাবে সংসার চালাব?’