হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী শাহানারা খাতুন (৩৮) পার্শ্বেমারী গ্রামের মৃত জাকের আলী মোল্লার মেয়ে। তার দুই বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

স্থানীরা জানান, শাহানারার মা আছিয়া খাতুন ভোরে পাশের একটি ঘেরে মাছ ধরতে যান। আকাশে মেঘ দেখে মাকে বাড়িতে ডেকে আনতে যান শাহানারা। ঘের থেকে মাকে নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। তবে তার মা আছিয়া সুস্থ রয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, “ঈদের আগের দিনে এমন মৃত্যুর খবরে মর্মাহত হয়েছি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এদিকে স্থানীয়দের মধ্যে বজ্রপাত নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা ঘেরে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মেঘের গর্জন শুরু হলেই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।