চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে। আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুর্গাপদ মল্লিক (৭৫) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত নগেন্দ্র মল্লিকের ছেলে। আহত বিধান মল্লিক (৪৭) নিহতের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নতুন ব্রিজ থেকে মইজ্জ্যারটেকগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের পেছনে বসা দুর্গাপদ মল্লিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে মোটরসাইকেল চালক বিধান মল্লিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পর পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জড়িত যানবাহন শনাক্ত ও জব্দের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক চালককে শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।