বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমীর ও মহানগর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তসলিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি এটিএম মুজাহিদুল ইসলাম, মহানগর উপদেষ্টা সদস্য আবু সিনা নুরুল ইসলাম মামুন এবং সাবেক মহানগর সভাপতি মাওলানা আজহারুল ইসলাম মোল্লাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, মর্যাদাপূর্ণ জীবন এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দক্ষ, আদর্শবান ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলে শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ সময় সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের দক্ষতা বৃদ্ধি, শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।