গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম রানী (৪৫), তিনি দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’র মালিক এবং স্বামী পরিত্যক্তা ছিলেন।

স্থানীয়রা জানান, কাপড় ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন রানী। একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা চাইতে গেলে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নজরুলের ছেলে আশিক (২২) হঠাৎ ছুরি বের করে রানীর ওপর হামলা চালায়।

মাকে বাঁচাতে এগিয়ে এলে রানীর ছেলে হৃদয়কেও ছুরিকাঘাত করা হয়। উপর্যুপরি আঘাতে মা ও ছেলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত আশিক গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এ বিষয়ে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন বলেন, আশিক পূর্বে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং বিগত কমিটিতে ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে।

ঘটনার খবর পেয়ে গাছা থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ নৃশংস ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।