গাজীপুর-৫ (কালিগঞ্জ-পুবাইল-বাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি কালিগঞ্জ উপজেলার চুপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে চলমান পাঠদানের সময় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটান এবং সেখানে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহার করার অভিযোগও উঠেছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে সংশ্লিষ্টরা দাবি করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে প্রবেশ করে বক্তব্য দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী উভয়েই বিব্রত হন। ঘটনার পর বিষয়টি এলাকায় আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অনেক অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রচারণার বাইরে রাখা জরুরি; এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।

এ বিষয়ে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।