দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দেওয়ার ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তি আসাদুল হক (৪০), যিনি স্থানীয়ভাবে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেয়ান।
আসাদুল হক দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের মো. ফজুর ছেলে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে তাকে দুধ দিয়ে গোসল করে রাজনৈতিক দলে যোগ দিতে দেখা যায়।
প্রথমে তাকে জামায়াতের কর্মী হিসেবে প্রচার করা হলেও পরে অনুসন্ধানে জানা যায়, তিনি জামায়াতের কর্মী নন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল হক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও তিনি ওই এলাকার আওয়ামী লীগ নেতা বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে দৌলতপুর জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমি দুধ দিয়ে গোসল করার ভিডিওটি দেখেছি। সেখানে উল্লেখিত ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন। আমরা খোঁজ নিয়ে জেনেছি, তিনি একজন মাদক ব্যবসায়ী এবং আওয়ামী লীগের কর্মী হিসেবেই পরিচিত। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা চলমান রয়েছে।