চট্টগ্রাম (হাটহাজারী) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে আধুনিক কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান চাষে নতুন দিগন্তের সূচনা হয়েছে। স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকের জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক আপ্রু মারমা। তিনি বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কম বয়সী চারা রোপণ করায় সময়, শ্রম ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হয়। একই সঙ্গে ধানের উৎপাদন বৃদ্ধি পায়, যা কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে। তিনি আরও বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ধান চাষ সম্প্রসারণে ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ ওমর ফারুক এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন বলেন, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া গ্রামকে একটি প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তুলতে কৃষি যন্ত্রপাতির ব্যবহার, প্রদর্শনী ও গবেষণামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে ধান চাষকে আরও উৎপাদনমুখী করা হচ্ছে। এই কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষক শাহ আলম বলেন, আগে হাতে ধান রোপণ করতে অনেক সময় ও শ্রমিক লাগত। এখন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে অল্প সময়ে চারা রোপণ সম্ভব হওয়ায় শ্রমিক খরচ কমেছে এবং ভালো ফলনের আশা করছি।

স্থানীয় কৃষি উদ্যোক্তা বোরহান উদ্দিন বলেন, এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আধুনিক যন্ত্রপাতি কৃষকের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে। এতে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ধান চাষ আরও লাভজনক হবে।

উল্লেখ্য, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণের পাশাপাশি আধুনিক ধানের জাত জনপ্রিয়করণ, ধানের উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং এলাকার উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা।