মুন্সীগঞ্জ সংবাদদাতা : ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. কাজল ইসলাম জিকু (৩০), সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. রুবেল রানা (৩০) ও চাকরিচ্যুত সেনা সদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)। অপর গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. বশির হাওলাদার (৫৬), মো. হীরা বেপারী (৪৮) ও মো. ফয়সাল রাব্বি (২১)।

এসময় ১টি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস, ১টি ওয়ারলেস সেট, ১টি খেলনা পিস্তল, ১ জোড়া স্ট্রিলের হ্যান্ডকাপ, পুলিশের মনোগ্রামযুক্ত ৪টি ডিবি পুলিশের কটি, ১টি ইলেকট্রিক শক মেশিন ও ১টি চায়না লেজার লাইট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজায় অযিান চালান ডিবি পুলিশের একটি টিম।

এসময় একটি হাইয়েচ মাইক্রোর গতিরোধ করে ভেতরে থাকা ডাকাত সদস্যদের গ্রেফতার করেন। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন।