চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ বাড়ি থেকে সুজন আলী (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে এ ঘটনাটি প্রকাশ্যে এলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সুজন আলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলীর ছেলে এবং পেশায় রংমিস্ত্রি। তিন সন্তানের জনক সুজনের পারিবারিক জীবনে কিছুদিন ধরেই অশান্তি চলছিল। সদ্যসমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকে সে বাড়িতে একাই বসবাস করছিল বলে প্রতিবেশীরা জানায়।

সোমবার সকালে বড় ছেলে লিমন বাবার খোঁজখবর নিতে বাড়িতে আসে। প্রধান ফটক ভেতর থেকে আটকানো থাকায় সে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচানো অবস্থায় বাবার ঝুলন্ত লাশ দেখতে পায়। দেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই ঘটনাটি ঘটেছে। এ দৃশ্য দেখে লিমন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে করে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইস্রাইল জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স¤পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।