ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ৫৬ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার করতে হয়। রাষ্ট্রের গুনগত পরিবর্তন সাধন না করে কেবল ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিনত হয়। বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দীর কালেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। তবে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলসমূহের প্রস্তাবিত ও গণভোটের মধ্যদিয়ে অনুমোদিত সংস্কারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজকের এই স্বাধীনতা দিবসে সরকারের প্রতি আহবান করবো যে, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করুন।
গতকাল বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও হতাহতের শিকার সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন।