বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং চট্টগ্রাম-১৬(বাঁশখালী) আসনের সর্বস্তরের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দলীয় ও জোটের শরিক দলের নেতা-কর্মী-সমর্থক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, রেমিটেন্স যোদ্ধা ভাইবোনদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা। দেশের প্রতি আপনাদের দায়িত্ববোধ, সহযোগিতা ও অব্যাহত সমর্থন আমাদেরকে অনুপ্রাণিত করে। আপনাদের এই ভালোবাসা ও আস্থা আল্লাহ কবুল করুন। জনগণের প্রতিনিধি হিসেবে সবার সহযোগিতা নিয়ে আগামী পাঁচ বছর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা -এর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা দুইজনই মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। সবার লক্ষ্য ছিল অবহেলিত এই জনপদের উন্নয়ন। আগামী দিনের উন্নয়ন প্রচেষ্টায় তাদের আন্তরিক সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস করি।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিজয়ের আনন্দে আত্মহারা না হয়ে জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রস্তুতি নিন। জনগণের মধ্যে বিভেদ নয়, ঐক্য গড়ে তুলুন। আল্লাহ আমাদের সকলকে উত্তম প্রতিদান দিন। আমীন