নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর এক সংগঠককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি কায়েদে আজম বাচ্চু (২৬)।
গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, থানাধীন লালদিঘীর পাড়স্থ বাংলাদেশ আওয়ামী লীগ–এর চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের পরিকল্পনার তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দলীয় কার্যালয়ের সামনে থেকে কায়েদে আজম বাচ্চুকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এছাড়া তিনি লোহাগাড়া থানা এলাকার ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।