বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : পবিত্র মাহে রমযান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখার উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কওমি, নূরানি ও হাফেজি মাদরাসার ১০টি প্রতিষ্ঠানের মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ৪ জন অভিজ্ঞ হাফেজ, ক্বারী ও আলেম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের পূর্ব শাখার সভাপতি শরিফুল ইসলাম এবং পরিচালনা করেন পশ্চিম শাখার সেক্রেটারি সাদ্দাম হোসেন। প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা পুরস্কারসহ বই ও সনদ প্রদান করা হয়। এছাড়া বিজয়ী আরও ৭ জনসহ মোট ১০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হামিদুল ইসলাম এবং নাটোর জেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক শিমুল।