ফেনীর সোনাগাজীর চরাঞ্চলের কর্মহীন শ্রমজীবীদের ফুড প্যাকেট উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) সকালে এসব কর্মহীন শ্রমজীবীদের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেন তিনি।

ডা. মানিক বলেন, ‘শ্রমজীবী মানুষের মার্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ।’

তিনি বলেন, শ্রমিকরা আমাদের অর্থনীতিকে সচল রাখেন। দেশের উন্নয়নের চাকা শ্রমিকদের ঘামে আবর্তিত হয়। আমরা সেই শ্রমিকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। আমরা আগামীতে দাগনভূঁঞা-সোনাগাজীতে সকল শ্রমিকের ঝুঁকিমুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সৈয়্যদ মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির জেলা উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম, উপজেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মো. মোস্তফা,পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কালিম উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সোনাগাজীর চরদরবেশ অঞ্চলের বর্তমানে কর্মহীন ১০০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।