ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে প্রথমবারের মতো গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ হলের সামনের মাঠে আয়োজিত এই ইফতারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভিসি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রোভিসি অধ্যাপক মো. আরেফিন কাওসার। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহা. আবু তৈয়ব, উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক উৎপল কুমার দাস ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খসরু মিয়া। ভিসি বলেন, এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, ঐক্য ও কৃতজ্ঞতার প্রকাশ। পবিত্র রমজান ধৈর্য, ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয় এবং আত্মশুদ্ধির মাধ্যমে মাগফিরাত ও নাজাতের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। তিনি মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান এবং শিক্ষার্থী-শিক্ষকের দূরত্ব কমাতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা বলেন।

প্রোভিসি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস,জীবনে এর শিক্ষার বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন সম্ভব।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে মাগরিব নামাজ আদায় এবং ডুয়েট দাওয়াহ সার্কেলের উদ্যোগে হামদ, নাত ও নাশিদ পরিবেশিত হয়।