মোংলা (বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় লাইসেন্স ছাড়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করেছে। একই অভিযানে এক মোটরসাইকেল চালককেও ১ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৮৯ হাজার টাকা।

পৌর শহরের বাগেরহাট জেটি এলাকায় পরিচালিত অভিযানে লাইসেন্সবিহীন একটি তেলের দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কলেজ রোডে অবস্থিত আরেকটি দোকানে অতিরিক্ত দামে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানের সময় এক মোটরসাইকেল চালককে নিয়ম লঙ্ঘনের দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে শেখ আব্দুল হাই সড়কের ৬ তলা ভবনসংলগ্ন একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই প্রতিষ্ঠানের গুদামঘর সিলগালা করে দেয় আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।