পবিত্র মাহে রমযানের সময় খুলনা মহানগরীতে গরু ও ছাগলের গোশত, ডিম ও বয়লার মুরগীর খুচরা বিক্রি মূল্য নির্ধারণ করে দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই দর নির্ধারণ করা হয়।

সভায় রমযান উপলক্ষে প্রতিকেজি খাসির গোশত ১১০০ থেকে ১২০০ টাকা, গরুর গোশত ৭৪০ থেকে ৭৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৮ থেকে ৪৪ টাকা ও বয়লায় মুরগি প্রতিকেজি ১৮০ টাকায় খুচরা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে অতিরিক্ত দাম নিলে এবং মেয়াদউত্তীর্ণ পণ্য, ভেজাল, পঁচাবাসি খাবার বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ। সভায় কেসিসির প্রশাসক বলেন, পবিত্র রমযান মাস ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ মাসে খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের সংযমী হতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্য মাসের তুলনায় রমযানে কম লাভ করলে সওয়াব বেশি পাওয়া যাবে। প্রতিটি দোকানে নির্দিষ্ট স্থানে প্রতিদিনের মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়ের পাঁকা রশিদ সংরক্ষণ করতে হবে। রমযান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।