পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, “আমরা কর্মকর্তা-ইঞ্জিনিয়ারদের স্পষ্ট বার্তা দিয়েছি, দুর্নীতির গলা টিপে ধরতে হবে। জনগণের মধ্যে পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে, সেটা পরিবর্তন করাই আমাদের লক্ষ্য।”
গতকাল শনিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নদী-খাল-জলাশয় খননে টেন্ডার ও ব্লকেজ নিয়ে নানা সমালোচনা রয়েছে। এসব কাজ এখন থেকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল বা মে মাসের মধ্যেই সম্পন্ন করা হবে, যাতে বর্ষায় সঠিক সুফল মেলে।
তিনি জানান, ঢাকায় সাড়ে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প সেনাবাহিনীর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে, যেখানে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছেন।
আজাদ বলেন, “পানি অপর নাম জীবন। পানি না থাকলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। তাই দেশের প্রতিটি খাল-জলাশয় পুনরুদ্ধার করে আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছি।”
এসময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সেলিম মালিকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।