রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘোড়ার গোস্ত কে গরু বলে চালিয়ে দেওয়া একটি প্রতারক চক্র পূর্বাচল উপশহরের নির্জন একটি প্লটে ঘোড়া জবাই করছিল। ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রটি শটকে পড়ে। এ সময় জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি নির্জন প্লটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পূর্বাচল উপশহরের ১০নং সেক্টরের হারার বাড়ি এলাকার একটি নির্জন প্লটে ঘোড়ার মাংসকে গরুর গোশত বলে চালিয়ে দেয়া একটি প্রতারক চক্র ২০টি ঘোড়া নিয়ে অবস্থান করে। এক পর্যায়ে চক্রটি ৯টি ঘোড়া জবাই করে গোশত প্রক্রিয়া জাত শুরু করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়। এ চক্রটি প্রতারণার মাধ্যমে গরু বলে ঘোড়ার মাংস পূর্বাচল উপশহরের বিভিন্ন রেস্তোরাঁসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এগুলো বিক্রি করতো।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, পূর্বাচলের নির্জন প্লটে একটি প্রতারক চক্র ঘোড়া জবাই করছে এমন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছি। পুলিশের উপস্থিতির টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি জবাইকৃত ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করি। একটি প্রতারক চক্র রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর গোশত বলে চালিয়ে দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই অসাধু ব্যবসায়ী চক্রটিকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।