গাজীপুর জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নূরুল করিম ভূঁইয়া। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা আদেশে তাকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ফেনীর কৃতী সন্তান নূরুল করিম ভূঁইয়া কর্মজীবনের শুরুতে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০১৪ সালের ৩ মার্চ থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ঢাকার দোহার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি নেতৃত্বগুণের জন্য তিনি প্রশাসনে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

২০২৪ সালে তিনি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান। পদোন্নতির পর প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এবং পরে পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি ২৫তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

উল্লেখ্য, এর আগে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে অভিজ্ঞ এই প্রশাসনিক কর্মকর্তাকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো।

ঢাকার নিকটবর্তী শিল্পসমৃদ্ধ জেলা হিসেবে গাজীপুর দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে অভিজ্ঞ ও দক্ষ একজন কর্মকর্তার দায়িত্ব গ্রহণে জেলার প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।