হাটহাজারী সংবাদদাতা : আসন্ন পবিত্র মাহে রমযানন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাঁচা বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি মামলায় মোট ১১ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, রমযাননকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ও পর্যায়ক্রমে বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন এবং ক্রয়মূল্যের রশিদ ও কাগজপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও জানান, কোথাও অবৈধ মজুদ বা অতিরিক্ত দামে পণ্য বিক্রির তথ্য পাওয়া গেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।
অভিযানে জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- আলী স্টোর (৩ হাজার টাকা), জোনাইদ এন্টারপ্রাইজ (২ হাজার টাকা), এনাম স্টোর (২ হাজার টাকা), হাজী এমদাদ স্টোর (১ হাজার টাকা) এবং ছৈয়দ ট্রেডার্স ও আল আমিন পোল্ট্রি (৩ হাজার টাকা)।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কোথাও অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা অবৈধ মজুদের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। রমযাননজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।