পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার আওতাধীন মসজিদসমূহের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে দোয়া প্রত্যাশী খান আতিকুর রহমান সবুজ এই উপহার সামগ্রী প্রদান করেন।

শনিবার (১৪ মার্চ ) দুপুরে কুমারখালী শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ৩৪ মসজিদের ৮৭ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন অত্র অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

যুবদল নেতা আতিকুর রহমান সবুজের সার্বিক উদ‍্যোগে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন খতিব ও সাংবাদিক মাহমুদ শরীফ। সভাপতিত্ব করেন কুমারখালী থানা জামে মসজিদের ইমাম মাওলানা আবু দাউদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক ও নাট্যকর লিটন আব্বাস। ব‍্যতিক্রমী এই অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন।

বিশেষ বক্তা ছিলেন সাংবাদিক লিপু খন্দকার, খতীব হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন ও মাওলানা হাফেজ আব্দুস সালাম বিন ইউসুফ।

অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম, হাফেজ বিল্লাল হোসেন, মাওলানা জহির বিন মাজিদ প্রমূখ। উপহার সামগ্রীর মধ‍্যে ছিল নগদ টাকা, সেমাই, চিনি, তেল, ডাল, লবন, সাবান, দুধ, মসলা, কিসমিস, ডিটারজেন্ট প্রভৃতি।

এ বিষয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজক আতিকুর রহমান সবুজ বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি মসজিদের বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত সম্মানীতদের মুখে সামান্য হাসি ফোটে, তাহলেই আমরা নিজেদেরকে সফল মনে করব।

তিনি আরো বলেন, ভবিষ্যতে আমার এই উদ‍্যোগ উপজেলা ব‍্যাপী অব‍্যহত থাকবে। আগামীতে বিভিন্ন মাদ্রাসা, মক্তব ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা করবো ইনশাআল্লাহ।