ভোলার চরফ্যাশনে নির্বাচনী জনসভায় অংশ নিতে আসার পথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন অভিযোগ করে বলেন, চরফ্যাশন টিবি স্কুল মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায়।
তিনি দাবি করেন, এ হামলায় জামায়াতের অন্তত ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা জামায়াত আমীর আরও বলেন, “ঘটনার পরপরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করি। নৌবাহিনী ঘটনাস্থল থেকে পাঁচজন বিএনপি নেতাকে আটক করে। পরবর্তীতে শুনেছি, তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এ হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমিজ উদ্দিন, মিডিয়া ও অফিস সম্পাদক রেজাউল হাসান এমরান এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মহিবুল্লাহ মহিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, জামায়াতের জনসভা বানচালের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে জনসভাগামী জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজন বিএনপি কর্মীকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে বিএনপি নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা অভিযোগ করে দাবি করেছেন, তাদের কর্মীদের ওপর জামায়াত কর্মীরা হামলা চালিয়েছে।