শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌরসভার উদ্যোগে এক সুশৃঙ্খল ও প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর ড. মো. আনিসুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি আবুল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়; এটি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করে। একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং ইসলামী মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।