স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনির নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রাটি গাছা থানার বোর্ড বাজার সংলগ্ন মির্জাপুর সিএনজি পাম্প থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে বিকেল ৩টা থেকে নগরীর আট থানার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে বিভিন্ন খণ্ড মিছিল একত্র হয়ে বিশাল শোভাযাত্রায় রূপ নেয়।

দীর্ঘদিন পর প্রকাশ্য রাজপথে বিএনপির এমন প্রাণবন্ত কর্মসূচি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বাদ্যযন্ত্রের তালে উচ্ছ্বসিত নেতাকর্মীরা নাচে-গানে শোভাযাত্রাকে বর্ণাঢ্য করে তোলে।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তৃতাকালে প্রধান অতিথি হাসান উদ্দিন সরকার বলেন, “একাত্তরে পাকিস্তানের সাথে আমাদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সেই ফয়সালা চূড়ান্ত। বাংলাদেশ আর পাকিস্তান হওয়ার সুযোগ নেই। কিন্তু ভারত বসে নেই, ভারতীয় রাজাকারের দল আওয়ামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল একবার, আর কখনো হবে না। কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে বারবার। কারণ, একাত্তরে ভারত আমাদের জন্য নয়, বরং তাদের স্বার্থে যুদ্ধ করেছে। আজও তারা আমাদের নিজস্ব স্বকীয়তা বিনষ্ট করে নিজেদের আধিপত্য কায়েমে মরিয়া।”

হাসান উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, “সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী ভারত ও তাদের এদেশীয় দোসররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ঐক্যবদ্ধভাবে এই দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে।”