বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার হলো পবিত্র রমযান মাসটি ভালোভাবে পরিচালনা করা। কারিগরি কারণে মাঝে মাঝে বিভ্রাট হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘টেকনিক্যাল জিনিস দুই-একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।’ গতকাল শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘আমি চেষ্টা করছি নিরবিচ্ছিন্ন দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দুই-একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে। তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।’ আসন্ন দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের লক্ষ্য এই রোজাটাকে ভালোভাবে চালানো এবং সামনে যে কৃষি মৌসুম আর গ্রীষ্মকাল আসছে, সেটাকে ট্যাকল দেওয়া। এটা খুব ডিফিকাল্ট, বাট আমি প্রাণপণে চেষ্টা করব যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য।’ মন্ত্রণালয়ের বর্তমান আর্থিক ও বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী একে নিজের জন্য একটি ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘যে পরিমাণের বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং তারপর আমাকে যে পরিমাণের জ্বালানি ইমপোর্ট [আমদানি] করতে হবে, সব মিলিয়ে এটি আমার জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা। আমি আপ্রাণ চেষ্টা করছি কীভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।’

সিরাজগঞ্জে পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি জনভোগান্তি কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।