গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানাধীন বাইমাইল এলাকায় অবস্থিত আলী ফিলিং স্টেশনে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে মোট ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন জব্দ করা হয়, যার মোট পরিমাণ ৩৩ হাজার ৯৪০ লিটার।

প্রশাসন সূত্র জানায়, জব্দকৃত জ্বালানি মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে সরাসরি বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। যারা অবৈধভাবে মজুদ বা কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, একই দিনে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় মোট ৭টি পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২টি মামলায় মোট ৮৯ হাজার ১২০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের এ ধরনের ধারাবাহিক অভিযানে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।