বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অশোভন ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে রাজপথে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পেশাদার সাংবাদিকদের বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শনিবার বেলা ১টায় ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে তার পদত্যাগে ২৪ ঘণ্টার মাল্টিমেটাম দিয়েছে ডিআরইউ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। মানববন্ধনে সাংবাদিক নেতারা মাহবুব মোর্শেদের নেতিবাচক নানা কর্মকা- নিয়ে অসন্তোষ প্রকাশ করে তার পদত্যাগ ও ক্ষমা প্রার্থনার দাবি জানান।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বাসস এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগের দাবি জানান তিনি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ডিআরইউ সভাপতি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, স্বাধীনতার পর বাসস-এর এমডি হিসেবে এমন ব্যক্তি আসেননি যাকে সাংবাদিক সমাজ চেনে না। তিনি অভিযোগ করেন, বর্তমান এমডিকে নির্দিষ্ট স্বার্থে বসানো হয়েছে। বিএফইউজে সভাপতি আরও দাবি করেন, বাসস এমডি দেশত্যাগের চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা থেকে তার পাসপোর্ট জব্দ করার আহ্বান জানান। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে বিএফইউজে, ডিইউজে ও ডিরইরইউ যৌথ কর্মসূচি ঘোষণা দেয়ার কথা বলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, সাংবাদিক সমাজের কাছে অপরিচিত একজন ব্যক্তিকে বাসসের মতো জাতীয় প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।