গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে অবস্থিত নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল (১৬ মার্চ) রাতে আঘাত হানে কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের পুরাতন ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক রকেট জানান, হঠাৎ করে প্রবল ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই ভবনটি ভেঙে পড়ে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের পুরাতন ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঝড়ের কারণে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দ্রুত সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ঘটনার পর স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।