ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই অবৈধ অস্ত্র ও বিস্ফোরকে সয়লাব হয়ে যাচ্ছে বিভাগীয় নগরী সিলেট। আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত বিপুল পরিমান অস্ত্র, গুলী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।
গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর টিলাগড় এলাকার জাহাজ বিল্ডিং থেকে পুলিশের গুলী উদ্ধার করা হয়েছে। একই রাতেই সিলেটে আবারও উচ্চ মাত্রার বিস্ফোরকের চালান উদ্ধার করেছে র্যাব। গত শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও র্যাব দুটি স্থান থেকে বিস্ফোরক ও গুলী উদ্ধার করে। সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট থানাধীন দিঘীরপাড় ইউনিয়নস্থ কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় বিস্ফোরক উদ্ধার করা হয়। এসময় পলিথিন ব্যাগ থেকে র্যাব ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে এসব তথ্য জানায় র্যাব-৯ এর কর্মকর্তারা।