জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তি কমাতে বাস ট্র্যাকার অ্যাপ ‘জবি এক্সপ্রেস’ উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।‎

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় জকসু কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম।‎

উদ্বোধনী বক্তব্যে সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের অবস্থান ও সময়সূচি সম্পর্কে অনিশ্চয়তার মুখে পড়ছেন। বিশেষ করে দূরপাল্লার বাসগুলো ভোরে ছাড়ার সময় শিক্ষার্থীদের বিশেষত ছাত্রীদের দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হয়, যা নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন সময় ছিনতাইসহ নানা সমস্যার কথাও উঠে এসেছে।‎

তিনি জানান, এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সহযোগিতায় জকসুর উদ্যোগে ‘জবি এক্সপ্রেস’ অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি আগেই প্রস্তুত ছিল, তবে গুগল ম্যাপের অনুমোদন প্রক্রিয়ার কারণে আনুষ্ঠানিকভাবে চালু করতে সময় লেগেছে। সম্প্রতি প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর এটি উদ্বোধন করা হলো।‎

রিয়াজুল ইসলাম আরও বলেন, অ্যাপটি প্লে-স্টোরে প্রকাশ করা হয়েছে। ঈদের আগে বা পরে শিক্ষার্থীরা প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ব্যবহারকারীদের সুবিধার্থে ‘জবি এক্সপ্রেস’ নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে, যেখানে প্রবেশ করে অ্যাপটি ডাউনলোড করা যাবে।‎

অ্যাপটির কার্যক্রম সম্পর্কে তিনি জানান, বাস সার্ভিসে বের হলে সংশ্লিষ্ট চালক বা সহকারী মোবাইল ফোনে অ্যাপটি চালু করে লোকেশন অন রাখবেন। তখন শিক্ষার্থীরা রিয়েল-টাইমে বাসের অবস্থান দেখতে পারবেন। বাস পার্কিংয়ে থাকলে বা সার্ভিসে না থাকলে লোকেশন বন্ধ থাকবে এবং তা অ্যাপে প্রদর্শিত হবে না। ফলে শুধুমাত্র চলমান বাসগুলোর তথ্যই ব্যবহারকারীরা দেখতে পাবেন।‎

তিনি আরো বলেন, বাস চালক ও সহকারীদের নিয়ে ইতোমধ্যে একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে, যেখানে অ্যাপের ব্যবহার ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপদ ও সময়োপযোগী যাতায়াত নিশ্চিত করতে ‘জবি এক্সপ্রেস’ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।‎

এসময় উপস্থিত ছিলেন এজিএস মাসুদ রানা, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম ও কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।