জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ডিগ্রি তৃতীয় বর্ষ ২০২৩ সালের শিক্ষার্থীরা চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেশনজট ও ফলাফল সংক্রান্ত জটিলতায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দীর্ঘ প্রায় ছয় বছর ধরে নানা প্রতিবন্ধকতার কারণে তাদের স্নাতক (ডিগ্রি) শিক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। সেশনজট, পরীক্ষা বিলম্ব, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, রাজনৈতিক অস্থিরতা ও করোনা মহামারিসহ বিভিন্ন কারণে তাদের শিক্ষাজীবন অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়েছে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ডিগ্রি তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়ন সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের পরও অনেক নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী সামান্য নম্বরের ব্যবধানে অকৃতকার্য হিসেবে থেকে গেছেন। এতে করে তাদের দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের অভিযোগ, ফলাফল মূল্যায়নে যথাযথ স্বচ্ছতা ও ন্যায্যতার প্রতিফলন ঘটেনি।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ দেওয়ার দাবি জানান। পাশাপাশি ফলাফল পুনর্মূল্যায়নের ক্ষেত্রে মানবিক বিবেচনা গ্রহণের আহ্বান জানান তারা।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে গ্রেস মার্ক প্রদান করে পাশের সুযোগ নিশ্চিত করা, এক বিষয়ে আটকে থাকা শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া, পরীক্ষার উত্তরপত্র পরিদর্শনের সুযোগ প্রদান করা এবং দ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশ করে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ সৃষ্টি করা।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ন্যায্য ও মানবিক সমাধানের পথে এগোবে।