রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে গত কয়েক দিন ধরে ডাকাত আতঙ্কে দিশেহারা এলাকার মানুষ। এই নিয়ে রামগতি থানার ওসির পরামর্শে সাধারণ মানুষ পাড়ায় পাড়ায় রাত জেগে পাহারা দিচ্ছেন এবং রামদয়াল বাজারসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদের মাইক ব্যবহার করে সতর্কতামূলক ঘোষণা দেয়া হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে বিভিন্ন ধরনের পোস্ট ও মাইকে ঘোষণার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হতে দেখা গেছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে চর মেহার চর সেকান্দর, চরসীতাসহ বেশ কয়েকটি গ্রামে ডাকাত ঢুকেছে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি থানা ওসি লিটন দেওয়ান রামদয়াল বাজার হাফিজিয়া মাদরাসা মসজিদের মাইকে এলাকা বাসীর উদ্দেশ্য সতর্ক থাকতে ঘোষণা দিতে বলেন। পরে আসপাশের কয়েকটি মসজিদ থেকে একযোগে সতর্কতা ঘোষণা দিতে শুনা যায়।
আগের দিন গত ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার চরমিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর মেহার গ্রামের বাসিন্দা গণমুক্তির পত্রিকার উপজেলা প্রতিনিধি মাস্টার জহির উদ্দিনের বাড়িসহ একই এলাকার দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার রামগতি অঞ্চল সার্কেল শামসুল আলম ও রামগতি থানা ওসি লিটন দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।