বাঘা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাঘায় শিবির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়্যাল এর বিরুদ্ধে। গত ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহধিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভোট গণনা করে ফলাফল ঘোষণার পর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়্যাল এর নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি মহধিপুর গ্রামের আকবর হোসেনের ছেলে বাঘা উপজেলা শিবির সভাপতি আব্দুল জব্বারের বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। এ সময় শিবির সভাপতি পাশের গ্রামে তার নানির বাড়িতে ছিলেন।

শিবির সভাপতি আব্দুল জব্বার জানান, তারা শুধু আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন নাই। এ সময় তারা আমাদের আরও তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে।

তিনি আরও বলেন, “এটি এক ধরনের রাজনৈতিক সহিংসতা, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।” তার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়্যাল অভিযোগ অস্বীকার করে বলেন, হামলা, ভাঙচুর, লুটপাটের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবি করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।