স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের বাসায় সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজ, জিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান, নেহাজ উদ্দিন, মাইদুল হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। নতুন দায়িত্ব গ্রহণের পরপরই এই সৌজন্য সাক্ষাৎকে প্রশাসনিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সৌজন্য সাক্ষাৎকালে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। কর্মকর্তারা নতুন প্রশাসকের নেতৃত্বে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও সৌজন্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নগর পরিচালনায় দলগতভাবে কাজ করার মধ্য দিয়েই কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। নাগরিক সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্ব গ্রহণের শুরুতেই এই ধরনের সৌজন্য সাক্ষাৎ প্রশাসনিক কাঠামোর ভেতরে পারস্পরিক আস্থা ও কর্মস্পৃহা বাড়াবে, যা গাজীপুর মহানগরের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।