আসাদুল হক পলাশ, নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরা উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার নীলকুঠি গ্রামের মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তিন ভাইয়ের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ-সাতজনকে আসামি করে রায়পুরা থানায় মামলাটি করেছেন সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান।
আসামিরা হলেন রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের নামাপাড়ার মেশিনঘর এলাকার ফায়েজ উদ্দিন (৫৬), আফিল উদ্দিন (৫০) ও রাফি উদ্দিন (৪৮)। এর মধ্যে আফিলকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিলেন সোহেল মিয়া নামের একজন লাইনম্যান। ওই সময় সোহেলকে হুমকি দিয়ে কাজে বাধা দেন আসামিরা। এ ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে যান সাইফুর রহমান। সেখানে যাওয়ার পরই তাঁর গাড়িচালক বাচ্চু মিয়ার ওপর অতর্কিত হামলা চালান আসামিরা।
একপর্যায়ে আফিল উদ্দিন লোহার রড দিয়ে সাইফুরের মাথায় আঘাত করে হেলমেট ভেঙে ফেলেন। এ সময় তাঁকে বাঁচাতে গাড়িচালকসহ অন্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।