পবিত্র মাহে রমজান মাসে ভোক্তাগণ যেন বাজারে মানসম্মত ও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন-সে লক্ষ্যেই জেলা প্রশাসন গাজীপুরের উদ্যোগে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য পরিস্থিতি, ওজন ও মূল্য তালিকা প্রদর্শনের বিষয়টি সরেজমিনে তদারকি করা হয়। এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক) ও ১৯(১)(ঙ) ধারায় অনিয়মের দায়ে মোট ৬টি মামলায় ৩২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, সঠিক ওজনে পণ্য সরবরাহ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো এবং সরকারের প্রচলিত আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত না হওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন, প্রভাকর রায়, মোঃ আরিফ হোসাঈন ও জনাব আহমেদ আলী আদনান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্য বিক্রি ও ওজনে কারচুপির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।