ঢাকা-৪ সংসদীয় এলাকায় অসহায়-দরিদ্র ৩৩৪ পরিবারের মাঝে ৩হাজার টাকা করে ১০ লাখ ২ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

গতকাল মঙ্গলবার সকালে জুরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাভোগীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে এই মানবিক সহায়তা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রত্যেক সংসদ সদস্যদের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

প্রতি পরিবারের জন্য ৩ হাজার টাকা করে বরাদ্দ থাকায় ৩৩৩ পরিবারকে ৯ লাখ ৯৯ হাজার টাকা দেওয়ার পর ১ হাজার টাকা অবশিষ্ট থাকে।

অবশিষ্ট ১ হাজার টাকার সাথে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার টাকা যোগ করে অপর একটি পরিবারসহ মোট ৩৩৪ পরিবারের মাঝে ১০ লাখ ২ হাজার টাকা বিতরণ করেছেন। এসময় তিনি আরও বলেন, ঢাকা-৪ সংসদীয় এলাকায় নি¤œআয়ের মানুষের সংখ্যা বেশি। কিন্তু বরাদ্দে সীমাবদ্ধতা থাকায় সকলকে সহযোগিতা করা যায়নি।

তবে যাদের সহযোগিতা করা হয়েছে তারা প্রত্যেকে তুলনামূলক বেশি দরিদ্র। সুবিধাভোগীদের দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে বাছাই করা হয়েছে। রাষ্ট্রীয়, সামাজিক মানবিক সহায়তায় দলীয় পরিচয় বিবেচনা করা হবে না উল্লেখ করে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে সমাজের প্রতিটি নাগরিক আমার কাছে সমান। প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমার দায়িত্ব।

তিনি নিজের দায়িত্ব পালনে কখনো স্বজনপ্রীতি বা দলীয়করণ করবেন না ঘোষণা দেন।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। ওয়ারী পশ্চিম থানা আমীর ফারুক হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ারী পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য আব্দুল লতিফ, জাহাঙ্গীর হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।