চট্টগ্রাম ব্যুরো : যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে মিলিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে জেগেছেরে জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে, বিশ্বের মুসলিম এক হও লড়াই কর, বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ফিলিস্তিনে হামলা চলবে না বাংলা, বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিনকে রক্ষা কর, ইত্যাদি স্লোগান দেয়া হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেই গাজায় ইসরায়েলি বাহিনীর আবারো গণহত্যা শুরু করেছে। মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরাইলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা। যা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক। অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করে সেখানকার মুসলমানদের অধিকার পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিয়ে তার সুরক্ষাও নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রয়োজন হলে আবার বদর সংগঠিত হবে, ইহুদিবাদ নিপাত যাবে। তিনি অবিলম্বে ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমি, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।

গতকাল শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী ইসলাম প্রিয় মুসলিম জনতা স্লোগানে স্লোগানে ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের প্রতি এমন বর্বর হামলার বিচারের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি ওয়ালী উল্লাহ মুজাহিদ, মহানগর ছাত্রশিবির সভাপতি শরীফুল ইসলাম খালিদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বরিশাল অফিস : ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার নগরীর টাউন হল চত্বর থেকে মিছিল শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, গির্জা মহল্লা ঘুরে সদর রোড এসে শেষ হয়।

মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে আর বক্তব্য রাখেন, মহানগরীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, বিমান বন্দর থানা আমীর অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, কোতয়ালী উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমীর মোস্তাফিজুর রহমান।

সভাপতির বক্তব্যে মহানগর আমীর বলেন, শতাব্দীকাল ব্যাপী ইজরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই বারও রমজান মাসে কাপুরুষের মত নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ৪০০ শতাধিক নারী শিশু হত্যা করেছে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ বিশেষ করে ওআইসি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলিম বিশ্বের দুর্বল নেতৃত্ব ও ওআইসি দায়িত্বশীলদের গাফলতির কারনে গাজার গণহত্যার ব্যাপারে কার্যকর কোন ভূমিকা রাখতে পারছে না।

তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকার জাতিসংঘের প্রস্তাব তুলে ফিলিস্তিনের জনগণের পাশে দাড়াবে, ইজরাইল জন্মলগ্ন থেকে সন্ত্রাসী কর্যক্রম চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।

নোয়াখালী সংবাদদাতা : শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে ইসরাইল বাহিনীর হামলা ও হত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী জেলা।

গতকাল শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলার প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মূসা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো আরিফুল ইসলাম, নোয়াখালী জেলা উত্তর সভাপতি মো দাউদ ইসলাম,নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি মো সাইফুর রসূল ফুহাদ।

পিরোজপুর সংবাদদাতা : গতকাল শুক্রবার বাদ জুমা বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে কেন্দ্রীয় মসজিদের (বড় মসজিদ) সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিলাস চত্বর হয়ে পুরাতন পৌরসভার সামনে দিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে বড় মসজিদের পাশ দিয়ে গিয়ে অবকাশ মোড়ে (সরকারি মহিলা কলেজ) সমাপ্ত হয়। মিছিলে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা বর্বর ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। মিছিল থেকে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধের উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতা বড় মসজিদ প্রাঙ্গণে জড়ো হলে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সমাবেশে আরো বক্তব্য রাখছেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। মিছিলে আরো অংশগ্রহণ করেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী সম্পাদক ডঃ আব্দুল্লাহীল মাহমুদ, পৌর আমীর ইসাহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখসহ জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রমূখ। নেতৃবৃন্দের বক্তব্যের পরেই শিল্পী বড় মসজিদ থেকে শুরু হয়ে অবকাশ মরে গিয়ে শেষ হয়।

ঝিনাইদহ সংবাদদাতা : ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছে জেলা ছাত্রশিবির।

এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা ঝিনাইদহ আলিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সে সময় উপস্থিত ছিলেন - জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলাম, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান,সাবেক জেলা শিবিরের সভাপতি এ্যাড ইসমাইল হোসেন, শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু,শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে যে বর্বর হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং একইসাথে এ হত্যাকাণ্ডের হিসাব জাতিসংঘকে দিতে হবে।

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবাদ বাদ জুম্মা বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হকের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য ফয়সল আলম স্বপনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম, সাংবাদিক এম. এম আতিকুর রহমান, প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, প্রভাষক তারেক আহমদ, তরুণ সমাজসেবক মোহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, খতিব মাওলানা আব্দুল্লাহ আলী, যুবনেতা হাফিজ সফিক আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের মানুষের অন্তরে আঘাত করেছে। তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম-নির্যাতন ও নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।