ইয়াসিন মনি খান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে মামুন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মামুন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়পুর গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে পারিবারিক একটি বিষয় নিয়ে স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে মামুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করলে তিনি স্ত্রীকে মারধর করেন। এ সময় পাশের বাড়িতে আরেকটি পারিবারিক সমস্যার ঘটনা ঘটায় পরিবারের অন্য সদস্যরা সেখানে চলে যান।
এ সুযোগে মামুন পরিবারের সদস্যদের অজান্তে ধান ক্ষেতের পোকা দমনে ব্যবহৃত ‘সাইক্লোবন্ড ৫৫ ইসি’ নামের তরল কীটনাশক পান করেন। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।