আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মঙ্গলবার ৩ মার্চ বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি মুরাদনগর উপজেলা ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন টহল ও মাদক উদ্ধার অভিযানের সময় এসআই নাহিদ হাসানের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে মোঃ রিগান ভুইয়া (৩৬) ও তার রক্ষিতা ইমা আক্তার (৩০) দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় রিগান ভুইয়ার দখল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইমা আক্তারের দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। গত কয়েক বছর ধরে কথিত রক্ষিতা ইমা আক্তারকে ভাড়া বাসায় রেখে তাকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে রিগ্যান এবং তার সাথে অবৈধ ভাবে মেলামেশা করে আসছে দীর্ঘদিন ধরে। রিগ্যান ভুইয়ার ডজন খানেক এজেন্ট নিয়োগ দেওয়া আছে, কয়েকটি উপজেলা থেকে নিয়মিত পাইকারি ও খুচরা কাস্টমার আসে তার নিকটে। রিগ্যানের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, মাদক মামলাসহ ডজন খানেক মামলা আছে। বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন, মাদক বিরোধী অভিযানে কথিত বান্ধবী ইমার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুজনকে ইয়াবা ও নগদ টাকা সহ আটক করেছি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।