কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা গ্রামের কৃতি সন্তান, স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাহবুবুর রহমান শাহীন (৬২)-এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

গত ১৬ জানুয়ারি বিকেল তিনটায় কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের মামাশ্বশুর, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদীয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ রশিদ।

জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন, কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ, মঙ্গলবাড়িয়া আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তৈয়বুর জামান, হয়বত নগর আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন, অ্যাডভোকেট রুকন রেজা শেখ, অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, ইউনাইটেড কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মাসুদুর রহমান, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার সহসভাপতি ফাইজুল হক উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত ১৫ জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।