দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এ জেড এম রেজওয়ানুল হক গতকাল মঙ্গলবার দু’টি শপথ গ্রহণ করেছেন। তিনি প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেন। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে তিনি সকাল ১১টায় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। জানা যায়, সকালে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়। পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। দেরীতে আসায় তাদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন বিএনপি হতে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে শপথ নেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করা স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও এ জে এম রেজওয়ানুল হক। সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এ সময় শপথস্থল থেকে হঠাৎ বেরিয়ে যান ইশরাক হোসেন ও রুমিন ফারহানা। কিন্তু সেখানে থেকে গিয়ে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেন সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক। শুধুমাত্র জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এ ব্যাপারে সংসদ সদস্য এ জে এম রেজওয়ানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেনি।