দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচনের পর এক অনন্য সৌজন্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। নির্বাচনে পরাজিত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনামের গ্রামের বাড়িতে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং মিষ্টিমুখ করান।
শুক্রবার রাতে বাজিতপুর গ্রামে আফজালুল আনামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয় নেতা একে অপরকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান। স্থানীয় নেতা-কর্মীদের মতে, এ ধরনের সৌজন্য বিনিময় ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করে এবং জনমনে একটি ভালো বার্তা দেয়। এর আগে জামায়াত প্রার্থী আফজালুল আনাম তার ফেসবুক পেজে লিখেন, আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।
এদিকে দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে বিজয়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেনকে তাঁর বাড়ীতে গিয়ে ফুলেল শুভেচ্ছা পরাজিত জামায়াত প্রার্থী সাবেক জেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ারুল ইসলাম। এ সময় তারা একে অপরকে জড়িয়ে আলিঙ্গণ করেন। একসাথে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।