পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান ও মূল্য স্থিতিশীল রাখতে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রমজানের প্রথম বৃহস্পতিবার গাজীপুর জেলার টঙ্গী ও সালনা এলাকায় পাইকারি, খুচরা ও ভোক্তা পর্যায়ে চাল, ডিম, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ সরেজমিনে যাচাই করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারা এবং কৃষিবিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় মোট ৫৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিকভাবে ওজনে ঘাটতি না রাখা এবং সরকারের প্রচলিত আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়। বাজারে ভোক্তাদের সচেতনতা বাড়াতে অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, 'রমজানে যেন সাধারণ মানুষ ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য পায়, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। দ্রব্যমূল্যের অযৌক্তিক বাড়তি দাম, ওজনে কারচুপি ও মানহীন পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।'

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহানগরের টঙ্গী বাজার ও সালনা বাজার এলাকায় পাঁচজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান, ফাহমিদা বিনতে হাফিজ, তাশরীফুল ইসলাম, জেসমিন আক্তার এবং ফারিয়া তাসনীম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় জেলা প্রশাসন কঠোর নজরদারি চালিয়ে যাবে।