সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মোঃ আব্দুল মুনতাকিম সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন। (২২ফেব্রুয়ারী) রবিবার দুপুরে তিনি হাসপাতালে পৌঁছে প্রথমে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মরতদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বিশেষ করে চিকিৎসকদের কাজের পরিবেশ, জনবল সংকট, ওষুধ ও যন্ত্রপাতির প্রাপ্যতা এবং রোগীদের সেবাদানের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। হাসপাতালের সংশ্লিষ্টরা বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরলে তিনি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।
এরপর সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। ভর্তি রোগীদের শয্যার পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে জানতে চান। কেউ কোনো অভিযোগ বা পরামর্শ দিলে তা গুরুত্বের সঙ্গে নেন। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষই বেশি সেবা নিতে আসে, তাই এখানে সেবার মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন। তিনি জানান, স্বাস্থ্যসেবা খাতে যেসব সমস্যা রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা করা হবে।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ১০০ শয্যার এই হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানান। তারা বলেন, সৈয়দপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন। কিš‘ বর্তমান অবকাঠামো ও জনবল দিয়ে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। নতুন ভবন, অতিরিক্ত শয্যা ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হলে সেবার মান ধরে রাখা চ্যালেঞ্জিং হবে বলেও জানান তারা।
দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য বলেন, বিষয়টি তিনি জাতীয় সংসদে উত্থাপন করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। এলাকার মানুষের জন্য উন্নত ও বিস্তৃত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তার অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃনাজমুল হুদা, তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আরশাদ হোসেন সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।