নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোটে’র হেসাখাল ভোট কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দাঁড়িপাল্লার এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করায় হেসাখাল গ্রামের খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ ইমাম হাফেজ আব্দুল আলিম ভূঁইয়াকে (৫৮) গত শুক্রবার মসজিদে আসতে নিষেধ করেন হেসাখাল ইউনিয়ন শহিদ জিয়া স্মৃতি সংসদ সভাপতি হেসাখাল গ্রামের জাহাঙ্গীর আলম মজুমদার। জাহাঙ্গীর আলম মজুমদার মসজিদ পরিচালনা কমিটির কোন দায়িত্বে না থেকে জোরপূর্বক ইমামকে চাকুরীচ্যুত করেছেন দাবি করে এর প্রতিবাদ জানান মসজিদ কমিটি সেক্রেটারি মোজাফফার হোসেন সেলিম। এসময় মসজিদ সেক্রেটারির উপর জাহাঙ্গীর আলম মজুমদার হামলার চেষ্টা করেন বলে জানান ভুক্তভোগী ইমাম হাফেজ আব্দুল আলিম ভূঁইয়া। স্থানীয়রা জানান, হেসাখাল গ্রামের হাফেজ আবদুল আলিম হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি মসজিদে প্রায় পাঁচ বছর যাবত ইমামতি করে আসছে। গত ১২ ফেব্রুয়ারী হেসাখাল বাজার ভোট কেন্দ্রে হাফেজ আবদুল আলিম মহিলা বুথে দাঁড়িপাল্লার এজেন্টের দায়িত্ব পালন করায় ওই গ্রামের বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মজুমদার মসজিদ কমিটির কোনো পদে না থেকেও দলীয় প্রভাব খাটিয়ে ইমামকে চাকরিচ্যুত করেন। একক সিদ্ধান্তে ইমামকে চাকরিচ্যুত করার প্রতিবাদ করায় অভিযুক্ত জাহাঙ্গীর আলম মসজিদ কমিটির সেক্রেটারি মোজাফফার হোসেন সেলিম ও স্থানীয় জসিম উদ্দিনের উপর হামলা করে। এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারি মোজাফফার হোসেন সেলিম মসজিদের মোতোয়ালির নিকট অব্যাহতিপত্র প্রদান করেন।
মসজিদ ইমাম হাফেজ আবদুল আলিম ভূঁইয়া বলেন আমি জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার এজেন্ট হিসাবে দায়িত্বপালন করায় আমাকে চাকুরী থেকে বরখাস্ত করেন। এখন রমজান মাস, আমি এখন কোথাও চাকরি পাবো না। আমি এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী’র নিকট বিচার চাই।
হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ কমিটি সেক্রেটারি মোজাফফার হোসেন সেলিম বলেন, আমরা যারা মসজিদ কমিটির দায়িত্বে আছি আমাদেরকে অবহিত না করে একক ভাবে কেন ইমামকে মসজিদে আসতে নিষেধ করেছে জানতে চাওয়ায় জুমার নামাজে জাহাঙ্গীর আলম মজুমদার আমাকে আক্রমণ করে। এ ঘটনায় আমি মসজিদ মতোয়াল্লির নিকট অব্যাহতিপত্র জমা দিয়েছি।
এই ঘটনায় অভিযুক্ত শহীদ জিয়া স্মৃতি সংসদ হেসাখাল ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদারকে মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর এস এম মহিউদ্দিন বলেন ঘটনাটি সত্য জাহাঙ্গীর ইমাম সাহেবকে মসজিদে আসার জন্য নিষেধ করেছে। যদি তারা ইমামকে সসম্মানে আবার চাকুরি ফিরিয়ে দেন তাহলে পরিবারটি উপকৃত হবে।
কুমিল্লা -১০ আসনে জামায়াত ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন ফ্যাসিবাদী আচরণ যদি কেউ করে তারা জনতার রোশানলে পড়ে আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে। আলেম ওলামারা জাতির রাহবার। তাদেরকে কোনো ভাবে কোনো ট্যাগ দিয়ে অত্যাচার নাঙ্গলকোট-লালমাইতে বরদাস করা হবে না।