মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : গত ২০ জানুয়ারি দেবিদ্বার উপজেলার পৌর শহরের নিউমার্কেট নামক এলাকার একটি বিউটি পার্লার থেকে তাহারিয়া তাবাসসুম নাদিয়া আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার “ওইমেন্স পার্সোনা বিউটি পার্লার” থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নাদিয়া দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় পর্যন্ত পার্লারটি খোলা না হলে একপর্যায়ে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্লারের ভেতরে ওই তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পায়।

নিহতের পরিবার দাবি করেছে, নাদিয়া দীর্ঘদিন ধরে ওই বিউটি পার্লারে কাজ করতেন এবং পার্লার মালিকপক্ষের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। তবে কী কারণে সেখানে তার মৃত্যু হয়েছে তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।